Skip to content
সংবাদ বিস্তারিত
Main Slide

কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন  সংলগ্ন রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ অক্টোবর ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জুবেল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা জুবায়ের ইসলাম জুবেল গত ০৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে নিজ বাড়ি কুলাউড়ার উদ্দেশ্যে একটি ট্রেনে উঠেন। রাত আনুমানিক ৭ টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে মনু রেলস্টেশনে এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।  খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X