Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ার ভূকশিমইল থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নে লিপি বেগম (২০) নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে শ্বশুরালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লিপি ওই ইউনিয়নের কানেহাত গ্রামের কাতার প্রবাসী সামাদুর রহমান নুনু’র স্ত্রী এবং কর্মধা ইউনিয়নের বুধপাশা ইউনিয়নের আব্দুল মনাফের মেয়ে।
লিপি বেগমের মা রোশনা বেগম অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত ৭ মাস আগে মেয়ের বিয়ে হয়। তড়িগড়ি করে বিয়ে হওয়ায় ওই সময় মেয়ের সাথে আসবাবপত্র দিতে পারিনি। বিয়ের ১০-১২ দিন পর আসবাবপত্র মেয়ের স্বামীর বাড়িতে পাঠাই।
এই আসবাবপত্রের টাকা আমার মেয়ের স্বামী সামাদ দিয়েছেন বলে লিপিকে তার শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই মানসিকভাবে নির্যাতন করতেন। গত কিছুদিন আগে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক দ্বন্ধ দেখা দিলে আমরা উভয় পরিবার বিষয়টি মীমাংসা করে দেই।
২৮ অক্টোবর দুপুরের দিকে মেয়ের শ্বশুর আমাদেরকে মোবাইলে ফোন দিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলেন। দুপুর আড়াইটার দিকে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পাই। এর আগে সকাল ১১টার দিকে আমার মেয়ে তার বাবার সাথে মোবাইলে সুস্থভাবে কথা বলেছে।
এদিকে লিপির ভাসুর বঙ্গবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমি বিদ্যালয়ে ছিলাম। হঠাৎ দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনার খবর পাই। তিনি আরও বলেন, দুপুরে আমার স্ত্রীর সাথে সে রান্নাঘরে কাজ করছিলো। ওই সময় লিপি’র মোবাইলে কল আসায় সে ওই রুমে চলে যায়। প্রায় এক ঘন্টা যাবৎ ওই রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকি করা হয়। এ সময় কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন আমাকে বিষয়টি ফোন করে জানালে আমি বাড়িতে এসে পুলিশকে অবহিত করি। পুলিশ ভেতরে দরজা লাগানো অবস্থায় সিলিং ছাদ দিয়ে রুমে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
তিনি আরোও বলেন, পারিবারিকভাবে আমাদের সাথে লিপির কোন দ্বন্ধ ছিলো না। সে তার স্বামী সামাদের সাথে ফোনে কথা বলতো। স্বামীর সাথে যদি কোন কথা কাটাকাটি হয় তা আমাদের জানা নেই। অভিযোগের ব্যাপারে তিনি বলেন, লিপির পরিবার এখন অনেক কিছুই বলতে পারবেন, কিন্তু বাস্তবে এর কোন ভিত্তি নেই।
কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল তদন্তে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X