Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে অতিমাত্রায় পুলিশি হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে ঐক্যফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
গায়েবী মামলায় গ্রেফতার, পুলিশি হয়রানি ও জেলা রিটার্নিং অফিসারের অসহযোগীতার অভিযোগ এনে সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসন থেকে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী এম নাসের রহমান।
লিখিত বক্তব্য তিনি বলেন, বিনা কারনে গায়েবী মামলায় ধানের শীষ কর্মীদের গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একাধিক অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। এ জেলায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কোনো ভুমিকা নেই। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে পুলিশি হয়রানির মাত্রাও চক্রবৃদ্ধি হারে বাড়ছে।  রোববার পর্যন্ত পুলিশ মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে শতাধিক বিএনপি ও জোটের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। অনেক নেতাকর্মী এখন পুলিশেল গ্রেফতারের ভয়ে ঘরবাড়ি ছাড়া। আবার অনেকে আংতকে মাঠে ধানের শীষের পক্ষে কাজ করতে পারছেন না।
এসময় ধানের শীষ প্রার্থী নাসের রহমান মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক তাপস রায়, অলি ও সাব্বিরের নামে উল্লেখ করে বলেন, তাদের মাধ্যমে এ কাজ করানো হচ্ছে।
এদিকে রোববার রাতে পুলিশ বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো. অলিউর রহমানের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অলিউর রহমান বাসার দেয়াল টপকিয়ে পালিয়ে যেতে চাইলে গুরুত্বর আহত হন। একই দিন বর্তমান কাউন্সিল স্বাগত কিশোর দাস ও বায়েস আহমদের বাসায়ও ডিবি পুলিশের একটি দল হানা দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X