Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে অভিযান করতে গিয়ে ভোক্তার উপ-পরিচালক অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে শারিরিকভাবে লাঞ্চিত ও কতিপয় ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধের অভিযোগ করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমীন। বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিমবাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রায় ২ ঘন্টা সড়ক অবেরোধ করেন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তোলেন ব্যবসায়ীরা।
মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমীন বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় অভিযানে নামি। এসময় রান্না ঘর অপরিষ্কার, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরী, ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে চৌমুহনী রাজমহল মিষ্টি দোকানকে ৩০ হাজার টাকা, বাউটন গ্যালারীকে বিদেশী কাপড়ে বেশী দাম হাঁকিয়ে প্রতারণার দায়ে ৫ হাজার টাকা ও বিদেশী প্রসাধনীতে নিজেরা মূল্য নির্ধারণ করে ক্রেতাদের কাছ থেকে বেশী মূল্য নেয়ার দায়ে এমবি ক্লথ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এরপর বিলাস ডিপার্টমেন্টাল স্টোরে অভিযানকালে বিদেশী প্রসাধনীতে নিজেরা মূল্য নির্ধারণ করে ক্রেতাদের কাছ থেকে বেশী মূল্য নেয়ার প্রমাণ পাওয়া যায়। এসময় এই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ করার সাথে সাথেই স্টোরের মালিক সুহাদ আমার উপর চড়াও হন এবং আমাকে শারিরিকভাবে লাঞ্চিত করেন। তখন বিলাস স্টোরের কর্মচারীরা সাটার ফেলে দোকান বন্ধ করে এবং আমাকে আটকে রাখেন। শুধু তাই নয় আশেপাশের দোকানের মালিককে ডেকে এনে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে মৌলভীবাজার জেলা বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন জানান, কোন ধরনের লাঞ্ছিতের ঘটনা ঘটেনি বরং আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ উত্তেজিত ব্যবসায়ীদের হাত থেকে উনাকে নিরাপদ স্থানে রেখেছি।
তবে অভিযুক্ত প্রতিষ্ঠান বিলাসের স্বত্তাধিকারী সুমন আহমদ বলেন, অভিযানের নামে তাদেরকে হয়রানি করা হয় এজন্য ব্যবসায়িরা প্রতিবাদ করেছেন মাত্র।
সহকারী পরিচালক মো. আল-আমীন আরও জানান, বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সরকারি কাজে বাঁধা প্রদান ও কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় কর্মকর্তা লাঞ্চিতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্মকর্তাকে উদ্ধার করেছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X