Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় দুই বিদ্যুৎকর্মী নিহত

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার বিকালে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল আহমদ মজুমদার (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফখর উদ্দিন মোল্লা (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইইনি চা বাগান এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (মৌলভীবাজার-জ-০৫-০০৮) নিহতদের মোটর সাইকেলটিকে (সিলেট-ল-১২-২৩৩১) চাপা দেয়। এতে ঘটনাস্থলে বুলবুল ও ফখরউদ্দিন মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনায় নিহতদের পুরো তথ্য সংগ্রহ করে তাঁদের স্বজনদের সাথে যোগাযোগ করা হবে। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। নিহতদের আত্মীয় স্বজনের সাথে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X