Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে উৎসর্গ করে ম্যারাথন

ষ্টাফ রিপোর্টার
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে উৎসর্গ করে এবারে মৌলভীবাজার হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে এই ম্যারাথনে অংশ নিতে দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ প্রস্তুতি নিচ্ছেন। আগামী শুক্রবার (১৮ নভেম্বর) প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ মৌলভীবাজারের পাহাড়ি আঁকাবাঁকা পথে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন।
মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এ ম্যারাথনের আয়োজন করছে। প্রতিবারের মতো পর্যটন জেলার সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি এবার থাকছে কিছুটা ভিন্ন আয়োজন। এবার মুক্তিযুদ্ধের ইতিহাসকেও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান আয়োজকেরা। অনেক বিদেশি দৌড়বিদ অংশ নেবেন এই হাফ ম্যারাথনে। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২।
আয়োজকরা জানান, করোনা–পরবর্তী সময়ে অনেকের মধ্যে নানা রকম বিষন্নতা তৈরি হয়েছে। অনেকের মধ্যে স্থবিরতা এসেছে। এই অবসাদ, স্থবিরতাকে ভেঙে আবার সবাইকে চাঙা করে তোলাই এই ম্যারাথনের উদ্দেশ্য। এই জেলার সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরাও ম্যারাথনের অন্যতম একটা দিক। তবে এর সঙ্গে এবার যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে। সেই লক্ষ্যে এবার হাফ ম্যারাথনে মৌলভীবাজার জেলার ম্যাপের ভেতর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধের ছবি সংবলিত টি-শার্ট ও মেডেল তৈরি করা হয়েছে।
মৌলভীবাজার রানার্স ক্লাব সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর থেকে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে। নিবন্ধন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। ১৮ নভেম্বর সকাল সোয়া ছয়টায় শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল কনভেনশন হল থেকে এই দৌড় শুরু হবে। দুই রকম দূরত্বে এই দৌড় হবে। এর একটি ১০ কিলোমিটার দূরত্বের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা শহরতলির কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরবেন।
অপরটির দূরত্ব হবে ২১ দশমিক ১ কিলোমিটারের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা প্রেমনগর চা-বাগান থেকে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরে আসবেন। এই হাফ ম্যারাথনকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করতে তৈরি হচ্ছেন ১২০ জন স্বেচ্ছাসেবক। এক কিলোমিটার পরপর পানির বুথ, সড়কের বিভিন্ন মোড়ে দৌড়ের দিকনির্দেশনা, প্রাথমিক চিকিৎসার কাজে তারা নিয়োজিত থাকবেন।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এডমিন আহমেদ বলেন, এবার হাফ ম্যারাথনের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। আমাদের এই আয়োজনে ব্যাপক সাড়া পাচ্ছি। চার দিনেই রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। এখনো অংশ নিতে অনেকে অনুরোধ করছেন। কিন্তু আয়োজন সুশৃঙ্খল রাখতে আমরা নতুন করে কাউকে আর নিচ্ছি না।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X