Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের পিতা-মাতা সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার গোয়ালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাকপ্রতিবন্ধি ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬), সাদিয়া বেগম (১৩) ও ছেলে সায়েম মিয়া (৮)। এঘটনায় সোনিয়া আক্তার নামে ৭ বছরের একটি মেয়ে বেঁচে আছে। চিকিৎসার জন্য স্থানীয়রা সোনিয়া”কে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম বলেন, রাত ৩টার দিকে ঝড়ের সময় তাদের ঘর থেকে ৩’শ হাত দূরে বজ্রপাত পড়ে। বজ্রপাতের সাথে সাথে পল্লী বিদ্যুৎ চলে যায়। সেহরি খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ভোর ৫টার দিকে বিদ্যুৎ আসার সাথে সাথে তাদের ঘরে আগুন লেগে যায়। এসময় বাকপ্রতিবন্ধি ফয়জুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়ার জন্য দরজা খোলতে চান। দরজাতে বিদ্যুৎ থাকায় এক এক করে পাঁচজনই মারা যান।
ইউপি সদস্য বলেন, বজ্রপাতের সাথে সাথে তাদের ঘরের উপরে থাকা পল্লী বিদ্যুৎ এর লাইন ছিড়ে তাদের ঘরের উপরের টিনে পড়ে। ঘর টিনের থাকায় পুরো ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ঘটনার সাথে সাথে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এসে তাদের উদ্ধার করেন। বিকাল ৪টার দিকে জানাযা শেষে তাদের দাপন করা হবে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X