Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর নির্বাচনের পরিবেশ ২৪ ঘন্টার ভেতর ফিরিয়ে না আনা এবং বিএনপির নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোঃ অলিউর রহমান ভোট বর্জন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার এই আল্টিমেটাম দিয়েছিলেন বিএনপির এই মেয়র প্রার্থী।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক সহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, সরকার দলীয় প্রার্থী শত শত বহিরাগত সন্ত্রাসী শহরে সমাগম করেছেন এবং আমার দলের সম্ভাব্য পোলিং এজেন্ট সমূহকে ফোনে ও বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা হুমকি প্রদান করছে। এ পরিস্থিতিতে আগামীকাল অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে আরও বলেন, বুধবার জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে গণসংযোগ শেষে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাহ মোস্তফা রোডস্থ ইসমাইল রেস্টুরেন্টে চা চক্র চলাকালীন সময় পরিকল্পিত ভাবে হামলা চালায় ছাত্রলীগ। এতে ১০/১২ জন নেতাকর্মী আহত হন। ছাত্রলীগের এই তান্ডবে এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে দলের সমর্থক ও কর্মীবৃন্দ আতঙ্কগ্রস্থ। এ ঘটনায় অভিযোগ দেবার পরও রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রাতে ১ নং ওয়ার্ডের এজেন্ট স্বাগত দাশ চৌধুরী সহ বেশ কয়েকজন এজেন্টের বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পোলিং এজেন্ট জীবন আহমদকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে জেলা রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশিদ “বিএনপি’র প্রার্থী’র নির্বাচন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X