Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচন ২০ অক্টোবর

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১৪ সেপ্টেম্বর একটি আদেশ জারি করা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্যাডে এ নির্দেশ দেয়া হয়।
এ খবর জেলায় ছড়িয়ে পড়ার পর সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীর নাম ও ছবি দিয়ে পোষ্ট দেয়া শুরু করেছেন। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো দলই কাউকে সমর্থন দেয়নি। তবে ধারণা করা হচ্ছে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবীদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীনতা পদকে মনোনীত আলহাজ্ব আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে ১৮ আগষ্ট মারা যান। ৫ আগষ্ট বুধবার বিকেলে বর্ষীয়ান এ রাজনীতিবিদের শরীরে করোনা পজেটিভ ধরা পরে। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১২টা ২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার এম্বুল্যান্সে করে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে ৬ আগষ্ট অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্যানেল চেয়ারম্যান-১ তরফদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়। এতে বলা হয় নতুন চেয়ারম্যান যোগদান করার পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X